সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবক! বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

দেশের প্রতিটি সরকারি অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ সংগীতের ব্যবহার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এই রচনার সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানে ‘জন গণ মন’-এর ঠিক পরেই ‘বন্দে মাতরম’-এর প্রথম ৬টি স্তবক গাওয়া বাধ্যতামূলক। ইতিপূর্বেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রতিটি রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সভা এবং পদ্ম পুরস্কারের মতো নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানে এই গান কোরাসে গাইতে হবে। উল্লেখযোগ্যভাবে, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে গানটির শেষ ৪টি স্তবক বাদ দেওয়া হয়েছিল, যা বর্তমান মোদী সরকার পুনরায় ফিরিয়ে আনল। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে যে, যখনই ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হবে, উপস্থিত জনতাকে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং জাতীয় শৃঙ্খলার প্রসারে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে কেন্দ্র। স্কুলের পঠনপাঠন শুরুর আগে সমবেত কণ্ঠে এই গান গাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। তবে সিনেমা হলের ক্ষেত্রে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি অনুষ্ঠানের মর্যাদা ও শালীনতা বজায় রাখতেই এই নতুন প্রোটোকল কার্যকর করা হচ্ছে।