অরুণ জেটলি স্টেডিয়াম অতীত? এবার ৭০ হাজারি স্টেডিয়াম পাচ্ছে রাজধানী, রোহন জেটলির বড় মাস্টারপ্ল্যান!

দেশের রাজধানী দিল্লিতে এবার ক্রিকেটের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। দীর্ঘদিনের পুরনো অরুণ জেটলি স্টেডিয়ামের সীমাবদ্ধতা কাটিয়ে এবার এক বিশাল এবং অত্যাধুনিক ‘ওয়ার্ল্ড-ক্লাস’ ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় সরকারের কাছে জমি বরাদ্দের আবেদন জানানো হয়েছে।
ডিডিসিএ সভাপতি রোহন জেটলি এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, নতুন স্টেডিয়ামের জন্য দিল্লির চারটি এলাকাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে— ওখলা, দ্বারকা, রোহিনী এবং নারেলা। বর্তমান অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকাসন সংখ্যা মাত্র ৩৫,০০০, যা আন্তর্জাতিক মানের নিরিখে অনেকটাই কম। তদুপরি, শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত হওয়ায় এই স্টেডিয়ামের সম্প্রসারণ করার কোনো সুযোগ নেই। সেই কারণেই একটি বড় এবং আধুনিক পরিকাঠামো সম্পন্ন স্টেডিয়ামের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রস্তাবিত এই নতুন স্টেডিয়ামে প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবেন। রোহন জেটলির কথায়, “আমরা দিল্লির মধ্যেই এমন একটি আধুনিক স্টেডিয়াম তৈরি করতে চাই যেখানে বিশ্বমানের সুবিধা থাকবে এবং যা দর্শকদের অভিজ্ঞতাই বদলে দেবে। আমরা আশা করছি ২০২৬ সালের শেষের মধ্যে জমির চূড়ান্ত ক্লিয়ারেন্স পেয়ে যাব।” ডিডিসিএ এমন একটি জায়গা খুঁজছে যেখানে মেট্রো এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত, পাশাপাশি কাছাকাছি উন্নতমানের হাসপাতাল এবং হোটেলের সুবিধা রয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহের সঙ্গে এই বিষয়ে ইতিবাচক আলোচনা সেরেছেন রোহন জেটলি। সম্প্রতি মেসির দিল্লি সফরের সময় এক ঘরোয়া আলোচনায় জয় শাহ এবং মুখ্যমন্ত্রী দুজনেই দিল্লিতে একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম গড়ার বিষয়ে বিশেষ উৎসাহ দেখিয়েছেন। এই প্রকল্পে কেবল স্টেডিয়ামই নয়, থাকবে একটি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি, আলাদা প্রশিক্ষণ মাঠ এবং প্রচুর পরিমাণে নেট প্র্যাকটিসের সুবিধা। সব ঠিক থাকলে, আগামী কয়েক বছরের মধ্যেই দিল্লির বুকে মাথা তুলে দাঁড়াবে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট ভেন্যু।