১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট! আপনার টাকা কি আটকে যাবে? জেনে নিন জরুরি আপডেট

আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি। ফলে ওই দিন সারা দেশে ব্যাঙ্কিং পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) থেকে শুরু করে ব্যাঙ্ক অফ বরোদা এবং আইডিবআই (IDBI)-এর মতো বড় ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে যে, ধর্মঘটের কারণে তাদের শাখায় কাজকর্ম ধীরগতিতে হতে পারে বা পরিষেবা আংশিক ব্যাহত হতে পারে।

কেন এই ধর্মঘট? মূলত কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত চারটি নতুন শ্রম আইনের বিরোধিতায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কর্মী ইউনিয়নগুলির দাবি, এই নতুন আইনগুলি কর্মীদের অধিকার খর্ব করবে এবং ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে, যা পরোক্ষভাবে ম্যানেজমেন্টের ক্ষমতা বাড়িয়ে দেবে। এর পাশাপাশি দীর্ঘদিনের দাবি ‘ফাইভ ডে ওয়ার্কিং উইক’ বা সপ্তাহে ৫ দিন কাজের দাবিতেও অনড় কর্মীরা। অতিরিক্ত কাজের চাপ এবং শূন্যপদ পূরণ না হওয়াও এই প্রতিবাদের অন্যতম বড় কারণ।

পরিষেবায় প্রভাব: যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ওই দিন কোনও সরকারি ছুটি ঘোষণা করেনি, তবুও ধর্মঘটের জেরে চেক ক্লিয়ারেন্স, ড্রাফট তৈরি বা কাউন্টার সার্ভিসে বিলম্ব হতে পারে। তবে গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, নেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) এবং এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, তারা পরিষেবা স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে। তবুও বড় অঙ্কের লেনদেন বা জরুরি কাজ থাকলে তা ধর্মঘটের আগেই সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।