৩ ঘণ্টার মধ্যে সরাতে হবে বিতর্কিত পোস্ট! ডিপফেক রুখতে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে চরম হুঁশিয়ারি কেন্দ্রের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার রুখতে এবং ইন্টারনেটে ভুয়ো তথ্যের বাড়বাড়ন্ত কমাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত সরকার। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি আইনের (IT Rules) বড়সড় সংশোধনী আনা হয়েছে। মঙ্গলবার জারি করা এই নতুন নির্দেশিকায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স-এর মতো বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য একগুচ্ছ কঠোর নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের এই নতুন নিয়মের মূল লক্ষ্য হলো ‘ডিপফেক’ বা এআই-এর মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ করা। এখন থেকে কোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে আপত্তিজনক বা ক্ষতিকারক কোনো ডিপফেক কন্টেন্ট চিহ্নিত হলে, তা মাত্র ৩ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে। এর আগে এই সময়সীমা অনেক বেশি ছিল, যা অপরাধীদের ভুয়ো তথ্য ছড়াতে সাহায্য করত।
পাশাপাশি, এআই দ্বারা তৈরি যে কোনো ছবি বা ভিডিওর ওপর এখন থেকে স্থায়ী লেবেল বা ‘ওয়াটারমার্ক’ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। দৃশ্যমান কন্টেন্টের ক্ষেত্রে ছবির অন্তত ১০ শতাংশ অংশ এই লেবেলে ঢাকা থাকতে হবে। অডিও বা ভিডিওর ক্ষেত্রে ক্লিপের প্রথম ১০ শতাংশ সময়ের মধ্যে স্পষ্টভাবে জানাতে হবে যে এটি এআই-এর মাধ্যমে তৈরি। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এই ট্যাগ বা মেটাডেটা মুছতে পারবে না। এমনকি কোনো ইউজার কন্টেন্ট আপলোড করার সময় সেটি আসল নাকি এআই-নির্ভর, তা আগে থেকেই প্ল্যাটফর্মকে জানাতে হবে। প্রতি তিন মাস অন্তর ইউজারদের এই নিয়ম লঙ্ঘনের পরিণাম ও দণ্ড সম্পর্কে মনে করিয়ে দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে প্ল্যাটফর্মগুলিকে।