সীমানায় চ্যাপম্যান-মিচেলের অবিশ্বাস্য জাগলিং! ২০২৬ বিশ্বকাপের সেরা ক্যাচ দেখে থমকে গেল দুনিয়া

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের জয়জয়কার! তবে কেবল ব্যাট বা বলের লড়াই নয়, নিউজিল্যান্ডের দুই তারকা ফিল্ডার মার্ক চ্যাপম্যান এবং ড্যারিল মিচেল এমন এক বিস্ময়কর ক্যাচ ধরলেন, যা বিশ্বকাপের ইতিহাসের সেরা ক্যাচগুলোর তালিকায় পাকাপাকিভাবে জায়গা করে নিল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিরুদ্ধে ম্যাচে এই অবিশ্বাস্য মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে।
ঘটনাটি ঘটে সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৫তম ওভারে। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে ক্রিজে থাকা আলিশান শারাফু একটি গগনচুম্বী শট মারেন। বলটি সজোরে বাউন্ডারি লাইনের ওপর দিয়ে ছক্কা হওয়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই চিতার গতিতে ছুটে আসেন মার্ক চ্যাপম্যান। সীমানার ঠিক উপরে বাতাসে লাফিয়ে তিনি ক্যাচটি তালুবন্দি করেন। কিন্তু শরীরের ভারসাম্য রাখতে না পেরে সীমানার বাইরে চলে যাওয়ার আগেই অবিশ্বাস্য উপস্থিত বুদ্ধিতে তিনি বলটি বাতাসে ভাসিয়ে ছুঁড়ে দেন সতীর্থ ড্যারিল মিচেলের দিকে। মিচেল প্রস্তুত ছিলেন, তিনি অনায়াসে সেই ক্যাচটি ধরে নেন। এই অসাধারণ ‘জাগলিং’ ক্যাচে হতবাক হয়ে যান দর্শকরাও। শারাফুকে ৫৫ রানেই প্যাভিলিয়নের পথ ধরতে হয়।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭৩ রান। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৪৫ বলে ৬৬ রানের একটি অপরাজিত ও বিধ্বংসী ইনিংস খেলেন। পাশাপাশি আলিশান শারাফুও করেন মূল্যবান ৫৫ রান। কিউইদের পক্ষে ম্যাট হেনরি ২টি উইকেট দখল করেন। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় চ্যাপম্যান ও মিচেলের সেই ফিল্ডিং নৈপুণ্য। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ক্যাচের ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন— ‘এটাই এই বিশ্বকাপের সেরা মুহূর্ত’।