“আমি কি গর্ভবতী?” মেহমুদের ছড়ানো এক মিথ্যা গুজবে কীভাবে ধ্বংস হতে বসেছিল অরুণা ইরানির কেরিয়ার!

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অরুণা ইরানি একটি অবিস্মরণীয় নাম। ‘ববি’, ‘বেটা’ থেকে ‘লাডলা’—পর্দার এই জনপ্রিয় মা এবার নিজের জীবনের এক অন্ধকার ও যন্ত্রণাদায়ক অধ্যায় নিয়ে মুখ খুললেন। ৭৯ বছর বয়সে এসে অভিনেত্রী দাবি করেছেন, কিংবদন্তি কমেডিয়ান মেহমুদ কীভাবে তাঁকে পেশাগত ও ব্যক্তিগতভাবে শোষণ করেছিলেন। অরুণার কথায়, মেহমুদ একদিকে যেমন তাঁকে কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন, ঠিক তেমনই সুকৌশলে তাঁর ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টাও করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরুণা ইরানি জানান, কেরিয়ারের শুরুর দিকে চরম আর্থিক অনটনের সময় মেহমুদই তাঁকে কাজ দিয়েছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই মেহমুদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। অভিনেত্রী বলেন, “আমি তাঁকে পুরোপুরি দোষ দিই না, কারণ তখন আমার কাজের খুব প্রয়োজন ছিল। কিন্তু তিনি আশা দিয়েছিলেন যে আমাকে বিয়ে করবেন, যা তিনি কখনও করেননি। মেহমুদজি আগে দুবার বিয়ে করেছিলেন, চাইলে তৃতীয়বারও করতে পারতেন। কিন্তু তিনি আমাকে স্রেফ ব্যবহার করেছিলেন।”
সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল মেহমুদের ছড়ানো মিথ্যা রটনা। অরুণা জানান, মেহমুদ জনসমক্ষে প্রচার করেছিলেন যে তাঁরা বিবাহিত। এই গুজবের জেরে চলচ্চিত্র নির্মাতারা অরুণাকে কাজ দেওয়া বন্ধ করে দেন। নির্মাতারা ভয় পেতেন যে, অরুণা যদি শুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েন, তবে তাঁদের ছবি মাঝপথে আটকে যাবে এবং লক্ষ লক্ষ টাকা লোকসান হবে। অরুণার কথায়, “মানুষ ভয় পেয়েছিল যে আমি হয়তো গর্ভবতী হয়ে পড়ব। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়।” মেহমুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার দীর্ঘ সময় পর যখন সত্য সামনে আসে, তখন আবারও স্বাভাবিক ছন্দে ফেরে অরুণার অভিনয় জীবন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রী কেবল টিকে থাকার লড়াইয়ে মেহমুদকে খুশি করার চেষ্টা করেছিলেন বলে আক্ষেপ প্রকাশ করেন।