নির্বাচনের ঠিক আগে ফের রক্তাক্ত বাংলাদেশ! ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ী সুষেন সরকারকে গলা কেটে হত্যা, লুট লক্ষ লক্ষ টাকা

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। ঠিক তার দু’দিন আগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের দোকানের মালিক, ৬২ বছর বয়সী হিন্দু ব্যবসায়ী সুষেন চন্দ্র সরকারকে তাঁর নিজের প্রতিষ্ঠানের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘাতকরা দোকান থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে চম্পট দেয়।
ঘটনার বিবরণ ও পরিবারের আর্তনাদ: সোমবার রাত ১১টা নাগাদ ত্রিশাল উপজেলার বোনগর বাজার মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের ছেলে সুজন সরকার জানান, তাঁদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। বাবা রাতে বাড়ি না ফেরায় তাঁরা খুঁজতে গিয়ে দেখেন দোকানের শাটার বাইরে থেকে বন্ধ। শাটার খুলে দেখা যায় সুষেন সরকার রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ক্রমবর্ধমান সহিংসতা ও উদ্বেগ: বাংলাদেশের এই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে।
-
ডিসেম্বর ২০২৫: ময়মনসিংহে দীপন চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
-
জানুয়ারি ২০২৬: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, এক মাসে ৪২টিরও বেশি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। ভারত সরকারও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলা এই ধারাবাহিক অত্যাচারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।