বিধানসভা ভোটের আগেই ইডির বড় ধামাকা! কয়লা ও বালি পাচারকাণ্ডে গ্রেফতার মামা-ভাগ্নে জুটি

২০২৬-এর বিধানসভা নির্বাচনের বাদ্যি বাজার আগেই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের তৎপরতা তুঙ্গে নিয়ে গেল। সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কয়লা ও বালি পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগে দুই হেভিওয়েট মাফিয়া চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ-কে গ্রেফতার করল ইডি। সম্পর্কে তাঁরা মামা ও ভাগ্নে। তদন্তকারীদের দাবি, এই গ্রেফতারি রাজ্যে অবৈধ খনিজ পাচার চক্রের শিকড় উপড়ে ফেলতে বড় সাফল্য।

ইডি সূত্রে খবর, চিন্ময় মণ্ডল পুরুলিয়ার প্রভাবশালী বাসিন্দা হিসেবে পরিচিত এবং দুর্গাপুরের অম্বুজা নগরী ও বিধাননগরে তাঁর বিশাল সাম্রাজ্য বিস্তৃত। অন্যদিকে, তাঁর ভাগ্নে কিরণ খাঁ রানিগঞ্জের বাসিন্দা, যাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বালি পাচারের সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে। সোমবার তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সময় বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের হেফাজতে নেওয়া হয়।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলকে কেন্দ্র করে একটি সুসংগঠিত সিন্ডিকেট গড়ে তুলেছিলেন এই মামা-ভাগ্নে জুটি। অবৈধভাবে কয়লা ও বালি উত্তোলন থেকে শুরু করে কালোবাজারে তা সরবরাহ করার পুরো প্রক্রিয়াটি এঁরাই নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ, এই চক্রের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হতো সম্পূর্ণ নগদে। ইডির দাবি, এই কালো টাকা পরবর্তীকালে বিভিন্ন শেল কোম্পানি এবং বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে সাদা করা হতো। উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র থেকে একাধিক প্রভাবশালীর নামও উঠে আসছে বলে সূত্রের খবর। ভোটের আগে এই গ্রেফতারি নিশ্চিতভাবেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।