স্পিকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, তবুও তাল কাটল তৃণমূল? জোটের অন্দরের ‘ফাটল’ নিয়ে মুখ খুললেন অভিষেক!

সংসদ উত্তাল করার লক্ষ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পথে হাঁটছে বিরোধী দল কংগ্রেস। শাসকদল বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দল। কংগ্রেসের এই পদক্ষেপে সমাজবাদী পার্টি (SP) এবং ডিএমকে (DMK)-এর মতো ইন্ডিয়া জোটের শরিক দলগুলি পূর্ণ সমর্থন জানালেও, বড় প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে। অনাস্থা প্রস্তাবে সরাসরি সই না করায় জোটের ঐক্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

তৃণমূল কংগ্রেসের এই রহস্যময় অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্পিকারের বিরুদ্ধে তাঁদের কোনও ক্ষোভ নেই এমনটা নয়, বরং পদ্ধতিগত বিষয়ে তাঁদের ভিন্নমত রয়েছে। অভিষেক বলেন, “অনাস্থা আনতে আমাদের কোনও আপত্তি নেই। তবে আমরা চেয়েছিলাম প্রথমে একটি চিঠি দিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে। তাঁকে কিছুটা সময় দেওয়া উচিত ছিল যে চিঠির ভিত্তিতে তিনি কোনও ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন কি না।”

তৃণমূলের দাবি, সরাসরি অনাস্থা প্রস্তাব না এনে আগে আলোচনার পথ খোলা রাখা উচিত ছিল। তবে জোটের অন্দরে ফাটলের জল্পনা উড়িয়ে দিয়ে ঘাসফুল শিবির জানিয়েছে, সংসদীয় গণতন্ত্র রক্ষায় তাঁরা বিরোধী জোটের সঙ্গেই আছেন। কিন্তু কংগ্রেসের এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ে দলের অন্দরে যে খানিকটা অসন্তোষ রয়েছে, তা অভিষেকের কথাতেই স্পষ্ট। এখন দেখার, ওম বিড়লার বিরুদ্ধে এই লড়াইয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট কতটা সংহতি বজায় রাখতে পারে।