আরজি কর কাণ্ডে নাটকীয় মোড়! আদালতে আত্মসমর্পণ আখতার আলির, মুখ ফসকে বলে ফেললেন ‘ভুল করেছি’?

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় নাটকীয় মোড়। সোমবার সিবিআই আধিকারিকরা বাড়িতে গিয়েও যাঁর হদিশ পাননি, সেই আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি মঙ্গলবার আচমকাই শিয়ালদহ আদালতে পৌঁছে আত্মসমর্পণ করলেন। আদালত থেকে বেরোনোর সময় তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। আখতার বলেন, “আমি ইনোসেন্টলি কিছু ভুল করেছিলাম। দাদার চিকিৎসার জন্য ধার নিয়েছিলাম।”
আদালতে শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী আখতারের তীব্র বিরোধিতা করে জানান, তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন, তাই তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া প্রয়োজন। অন্যদিকে, জেলবন্দি সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত আদালতে পাল্টা প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সিবিআই যাঁকে ‘হুইসেলব্লোয়ার’ বলছে, তিনিও আসলে দুর্নীতির অংশ। ২০২১ সালের আগে থেকেই তিনি আরজি করে ছিলেন। সন্দীপ ঘোষের আইনজীবীর অভিযোগ, আখতার আলির অসহযোগিতার কারণেই মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
আখতারের আইনজীবী মক্কেলের অসুস্থতার দোহাই দিয়ে জামিনের আবেদন জানালেও বিচারক নথিপত্র খতিয়ে দেখে অসঙ্গতি লক্ষ্য করেন। সিবিআইয়ের দাবি, এটি স্পষ্টত আদালত অবমাননা। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আখতার আলি জানান, অসহ্য ব্যথার কারণে তিনি সোমবার হাজিরা দিতে পারেননি। তাঁর দাবি, তিনি পরিস্থিতির শিকার বা ‘ভিক্টিম’। বর্তমানে আদালত এই মামলার রায় স্থগিত রেখেছে। এখন দেখার, আদালত আখতারের জামিন মঞ্জুর করে না কি তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়।