নগ্ন হয়ে স্নান থেকে সাইকেলের ক্যারিয়ার ধরে স্কেটিং! ‘ভাইজান’-এর গোপন অতীত ফাঁস করলেন মাস্টার রাজু!

আজ তিনি বলিউডের ‘সুলতান’, কিন্তু এক সময় পরিস্থিতি ছিল ঠিক উল্টো। যখন রাজু শ্রেষ্ঠ বা ‘মাস্টার রাজু’ এক জন প্রতিষ্ঠিত শিশুশিল্পী, সলমন খান তখন বান্দ্রার রাস্তায় ঘুরে বেড়ানো এক সাধারণ কিশোর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজু শ্রেষ্ঠ সলমনকে নিয়ে এমন কিছু অজানা তথ্য শেয়ার করেছেন, যা শুনলে চমকে উঠবেন যে কেউ। রাজুর দাবি, আজকের সুপারস্টার সলমনের ভেতরে আজও সেই পুরনো বান্দ্রার আবেগপ্রবণ ছেলেটি বেঁচে আছে।

রাজু স্মৃতিচারণ করতে গিয়ে জানান, “আমি যখন সাইকেল চালাতাম, সলমন আমার সাইকেলের ক্যারিয়ার ধরে স্কেটিং প্র্যাকটিস করত। এমনও দিন গিয়েছে যখন লোকে আমাকে দেখে ভিড় জমাত, আর সলমনকে কেউ চিনতই না।” রাজু আরও জানান, তাঁরা একসঙ্গে নগ্ন হয়ে স্নান করেছেন, বড় হয়েছেন প্রাণের বন্ধুর মতো। তবে সলমন স্টার হওয়ার পর রাজু কিছুটা দূরত্ব বজায় রাখেন যাতে লোকে তাকে ‘চামচা’ না বলে। রাজুর মতে, সলমন অত্যন্ত ভালো মানুষ হলেও তাঁর নিজের আবেগের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।

কেন সলমন বারবার আইনি ঝামেলা বা বিতর্কে জড়ান? রাজু শ্রেষ্ঠর কথায়, “সলমন মস্তিষ্ক দিয়ে নয়, মন দিয়ে চলেন। আবেগপ্রবণ হয়ে পড়লেই ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। কখনও কারও বাড়ির নিচে গিয়ে গালিগালাজ করা, তো কখনও প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে অশান্তি করা— এই নিয়ন্ত্রণহীনতাই তাঁর কাল হয়েছে।” উল্লেখ্য, এই বন্ধুত্বের খাতিরেই সলমন পরবর্তীতে রাজুকে ‘বাঘি’ ও ‘চল মেরে ভাই’-এর মতো ছবিতে সুযোগ দিয়েছিলেন। বর্তমানে ভাইজান ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে।