‘ভাষা নিয়ে আন্দোলন রোগ নয়, পরিচয়!’ মোহন ভাগবতকে নজিরবিহীন আক্রমণ রাজ ঠাকরের, তুঙ্গে মারাঠি বিতর্ক!

আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষা সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সরসঙ্ঘচালক বলেন, “ভাষার ওপর অতিরিক্ত জোর দেওয়া বা ভাষা নিয়ে প্রতিবাদ ও বিতর্ক করা একটি স্থানীয় রোগ।” ভাগবতের এই মন্তব্য প্রকাশিত হতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে। ১০ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি দীর্ঘ পোস্ট লিখে তিনি আরএসএস প্রধানকে তুলোধোনা করেছেন।

রাজ ঠাকরে সরাসরি ভাগবতকে আক্রমণ করে লেখেন, “মোহনরাও, আপনাকে একটা কথা বলি— ওই অনুষ্ঠানে মানুষ আপনার প্রতি ভালোবাসা থেকে আসেনি, বরং নরেন্দ্র মোদী সরকারের ভয়ে এসেছিল।” তিনি আরও বলেন, “অঞ্চলের প্রতি ভালোবাসা যদি রোগ হয়, তবে এই রোগ কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব থেকে শুরু করে গুজরাট— সর্বত্রই রয়েছে। উত্তরপ্রদেশ-বিহার থেকে আসা মানুষ যখন স্থানীয় সংস্কৃতিকে অপমান করে, তখনই বিদ্রোহের জন্ম হয়। আপনি কি এটাকেও রোগ বলবেন?”

রাজ ঠাকরের অভিযোগ, আরএসএস পরোক্ষভাবে বিজেপির হয়ে রাজনীতি করছে। তাঁর তোপ, “হিন্দুত্বের নাম করে জ্ঞান দেবেন না। আগে সেই মোদী সরকারের কান খুলে দিন যারা সারা দেশে হিন্দি চাপিয়ে দিচ্ছে।” তিনি আরও মনে করিয়ে দেন যে, মসজিদের লাউডস্পিকার থেকে শুরু করে হিন্দুদের ওপর আক্রমণের বিরুদ্ধে তাঁর দলই প্রথম পথে নেমেছিল। গরু হত্যা বা কাবাদ যাত্রার বিশৃঙ্খলা নিয়ে কেন আরএসএস মুখ খোলে না, সেই প্রশ্নও তোলেন তিনি। রাজের সাফ কথা, “ভাষা ও আঞ্চলিক পরিচয়ই আমাদের অস্তিত্ব। মহারাষ্ট্র নিজের ভাষার প্রশ্নে সবসময় লড়াই চালিয়ে যাবে।”