জঙ্গলের ঝোপে আধপোড়া দেহ! বাঁকুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু, পারিবারিক বিবাদের জেরেই কি চরম সিদ্ধান্ত?

বাঁকুড়ার রাইপুর থানা এলাকায় এক গৃহবধূর অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে রাইপুরের মটগোদা সংলগ্ন জঙ্গল থেকে ৫৬ বছর বয়সী অলকা কদমার আধপোড়া শরীর উদ্ধার করে পুলিশ। মৃত ওই গৃহবধূর বাড়ি রাইপুরের বেঘুয়া গ্রামে। ঘটনার নৃশংসতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে অলকা দেবীর কথা কাটাকাটি হয়। এরপরই ক্ষোভে ও অভিমানে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও তাঁর হদিশ মেলেনি। রাতে মটগোদা জঙ্গলের শুকনো পাতার স্তূপের নিচে কিছু একটা জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পাতা সরতেই বেরিয়ে পড়ে অলকা দেবীর অর্ধদগ্ধ দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিমানে জঙ্গলর নির্জন জায়গায় গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে রাইপুর থানার পুলিশ। সোমবার রাতেই পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদেরও তলব করা হয়েছে।