রণবীরের থেকে ৪০ কোটি টাকা দাবি! ‘ডন ৩’ ছাড়তেই আইনি বিপাকে অভিনেতা, দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ?

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের মাঝেই বড়সড় বিপাকে অভিনেতা রণবীর সিং। একদিকে যখন সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে উত্তাপ বাড়ছে, ঠিক তখনই দুঃসংবাদ এল অভিনেতার জন্য। শোনা যাচ্ছে, বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণে এবার মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন তিনি। চুক্তি লঙ্ঘনের অভিযোগে প্রযোজনা সংস্থা তাঁর কাছে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বলে খবর।

সূত্রের খবর, ছবির চিত্রনাট্য নিয়ে সৃজনশীল মতবিরোধের কারণেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর। অভিনেতার দাবি, চিত্রনাট্যে কিছু পরিবর্তন প্রয়োজন ছিল যা নিয়ে একমত হতে পারেনি প্রযোজনা সংস্থা। অন্যদিকে, প্রযোজকদের দাবি— প্রাথমিক চিত্রনাট্যে রণবীর আগেই সম্মতি দিয়েছিলেন, তাই এখন সরে যাওয়া মানে চুক্তি লঙ্ঘন। গত সপ্তাহে প্রযোজনা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রণবীরের দু’ঘণ্টার ম্যারাথন বৈঠক হলেও কোনো রফাসূত্র মেলেনি।

রণবীর এই মুহূর্তে কোনো ক্ষতিপূরণ দিতে নারাজ হলেও আইনি লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। তবে ব্যক্তিগত এই জটিলতার ছায়া যাতে কেরিয়ারে না পড়ে, সেদিকেও নজর রয়েছে তাঁর। আগামী ১৯ মার্চ পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এখন দেখার, ৪০ কোটির এই ‘ডন’ বিতর্ক কাটিয়ে রণবীর বক্স অফিসে আবার ম্যাজিক দেখাতে পারেন কি না।