আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আজ মেগা থ্রিলার! মমতার ‘গোপন তথ্য চুরি’র পাল্টা অভিযোগের কী জবাব দেবে ইডি?

বিড়লার পাশে বিজেপি ও এনডিএ লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু হতেই পালটা রণকৌশল সাজাল বিজেপি। আজ এনডিএ সাংসদরা ঐক্যবদ্ধভাবে স্পিকারের পাশে দাঁড়িয়ে তাঁর নিরপেক্ষ আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, গত ৪ ফেব্রুয়ারি লোকসভায় যে সমস্ত বিরোধী সাংসদ ‘হাঙ্গামা’ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। সংসদের গরিমা রক্ষায় স্পিকারের কঠোর অবস্থানকে সমর্থন জানিয়ে বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে তারা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে।
আইপ্যাক মামলা: নজরে সুপ্রিম কোর্ট অন্যদিকে, আইপ্যাক (I-PAC) মামলার শুনানিতে আজ গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। আজ এই মামলার তৃতীয় দিনের শুনানি। গত শুনানিতে ইডি-র দায়ের করা এফআইআর-এর ওপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির দিন প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ও জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, তা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।
আজকের শুনানিতে ইডি-র জবাবি হলফনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর, ইডি নজিরবিহীনভাবে ‘নথি ছিনতাই’-এর অভিযোগ তুলে সিবিআই তদন্তের সওয়াল করতে পারে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি কোনও তদন্ত সংক্রান্ত নথি নেননি, বরং ইডি-ই গোপন তথ্য চুরি করতে চেয়েছিল। কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য প্রশাসনের এই বেনজির সংঘাত নিয়ে সুপ্রিম কোর্ট আজ কী বার্তা দেয়, সেটাই এখন দেখার।