সরকারি ভর্তুকি পেতে দিতে হতো ঘুষ! উত্তরপ্রদেশে জেলা শিল্প দপ্তরের ৩ আধিকারিক সাসপেন্ড

সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অবৈধ তোলাবাজির অভিযোগে উত্তরপ্রদেশের হামিরপুর জেলা শিল্প দপ্তরের তিন পদস্থ আধিকারিককে সাসপেন্ড করল প্রশাসন। অনলাইন আবেদন পাশ করানো এবং সরকারি ভর্তুকি (Subsidy) পাইয়ে দেওয়ার নামে আবেদনকারীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ মেলায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার (শিল্প) রবি বর্মা, সহকারী ম্যানেজার সন্তোষ রাও এবং জেলা ম্যানেজার মিলন কুমার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি ফাইল ছাড়তে এবং প্রকল্প অনুমোদন করতে তাঁরা সরাসরি আবেদনকারীদের কাছ থেকে ঘুষ দাবি করতেন। অভিযোগ পেয়েই সিডিও (CDO) এবং এডিএম-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, এই তিন আধিকারিক যোগসাজশ করে দুর্নীতির নেটওয়ার্ক চালাচ্ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল সাসপেনশনই নয়, ধৃতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা ফেরাতে এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কড়া বার্তা দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।