দেরাদুনে ‘মুসলিম ইউনিভার্সিটি’ বিতর্ক! IMA-র নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে জমি বাতিলের দাবি বিজেপির

উত্তরাখণ্ডের দেরাদুনে প্রস্তাবিত একটি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের জমি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এই জমিকে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি (IMA)-র নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দাবি করে অবিলম্বে জমির বরাদ্দ বাতিলের দাবি তুলেছে বিজেপি। সোমবার বিজেপি বিধায়ক তথা মুখপাত্র বিনোদ চামোলি অভিযোগ করেন, কংগ্রেস আমলের এই জমি বরাদ্দ আসলে উত্তরাখণ্ডের জনবিন্যাস বা ডেমোগ্রাফি পরিবর্তনের এক গভীর ষড়যন্ত্র।
ঘটনার সূত্রপাত ২০০৪ সালে তৎকালীন তিওয়ারি সরকারের আমলে। অভিযোগ, সহসপুর ধৌলাস এলাকায় প্রায় ১০০ বিঘা জমি মহম্মদ মাদানিকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লিজ দেওয়া হয়েছিল। বিজেপি নেতার দাবি, ২০২২ সালের নির্বাচনের সময় হরিীশ রাওয়াতের নেতৃত্বে যে ‘মুসলিম ইউনিভার্সিটি’ তৈরির জল্পনা উঠেছিল, এই জমিটিই ছিল তার মূল কেন্দ্র। বর্তমানে এমডিডিএ (MDDA) এই জমির কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বিজেপির দাবি, এই জমিটি অত্যন্ত স্পর্শকাতর আইএমএ (IMA) চত্বরের লাগোয়া। সেনাবাহিনী ইতিপূর্বে আপত্তি জানালেও তৎকালীন কংগ্রেস সরকার তা উপেক্ষা করে। বিনোদ চামোলি সংবাদিক সম্মেলনে বলেন, “দেবভূমির ধর্মীয় ও সাংস্কৃতিক স্বরুপ রক্ষা করতে কংগ্রেস থেকে মুক্তি জরুরি। না হলে এই ভূ-মাফিয়ারা রাজ্যের অস্তিত্ব সংকটে ফেলবে।” বর্তমানে বিজেপি সরকার এই জমি সরকারি দখলে নেওয়ার জন্য প্রশাসনিক তৎপরতা শুরু করেছে।