সরাসরি স্পিকারকে টার্গেট! ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনতে মরিয়া রাহুল-খাড়গেরা, তোলপাড় লোকসভা

ভারতের সংসদীয় গণতন্ত্রে এক অভূতপূর্ব সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করল বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। সূত্রের খবর, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদে বক্তব্য রাখার সুযোগ না দেওয়া এবং একতরফাভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদেই এই চরম পদক্ষেপ নিতে চলেছেন মল্লিকার্জুন খাড়গেরা।

সংসদ ভবন চত্বরে খাড়গের কার্যালয়ে আয়োজিত এক হাই-ভোল্টেজ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের মূল অভিযোগ— লোকসভায় বিরোধী দলনেতার কণ্ঠ রোধ করা হচ্ছে। এমনকি গুরুত্বপূর্ণ ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বা চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মতো ইস্যুতেও রাহুল গান্ধীকে বলতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি কংগ্রেসের। সাংসদ কে সি বেণুগোপাল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “সরকার সংসদকে নিজের সম্পত্তিতে পরিণত করতে চাইছে। এখানে বিরোধী দলনেতার কোনও জায়গাই রাখা হচ্ছে না।”

সম্প্রতি আট জন বিরোধী সাংসদকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করার ঘটনা এই আগুনে ঘি ঢেলেছে। বিরোধীদের দাবি, ট্রেজারি বেঞ্চের সাংসদদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে এবং মহিলা সাংসদদের প্রতি স্পিকারের মন্তব্যও সংসদীয় রীতির পরিপন্থী। অনাস্থা প্রস্তাব আনতে গেলে ২০ দিনের আগাম নোটিশের প্রয়োজন হয়, তাই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই যুদ্ধ আছড়ে পড়তে পারে লোকসভার মেঝেতে। একদিকে নির্মলা সীতারামনের বাজেট পেশ, অন্যদিকে স্পিকারের চেয়ার নিয়ে বিরোধীদের এই আক্রমণ— সব মিলিয়ে দিল্লির মসনদে এখন চূড়ান্ত উত্তেজনা।