শত্রুর নিশানায় ‘চিকেনস নেক’! শিলিগুড়িতে মাটির তলা দিয়ে চলবে ট্রেন? যুদ্ধের প্রস্তুতিতে বড় চাল কেন্দ্রের

ভারতের মানচিত্রে সবথেকে স্পর্শকাতর অংশ শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডোর নিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল ভারতীয় রেল। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সরু ভূখণ্ডটিকে শত্রুদেশের হাত থেকে রক্ষা করতে মাটির তলা দিয়ে রেলপথ তৈরির মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভূরাজনৈতিক পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই করিডোরের প্রায় ৪০ কিলোমিটার অংশে ভূগর্ভস্থ রেলপথ তৈরি করা হবে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এই প্রকল্পের দায়িত্ব পেয়েছে। দার্জিলিংয়ের তিনমিলে হাট থেকে রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত বিস্তৃত হবে এই পাতালপথ। এটি উত্তর দিনাজপুর এবং বিহারের কিষাণগঞ্জের সঙ্গেও সংযোগ রক্ষা করবে। মূলত চিন এবং বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতের এই কৌশলগত চাল। এই এলাকায় সামান্য বিঘ্ন ঘটলেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে উত্তর-পূর্বের সাতটি রাজ্য।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই আন্ডারগ্রাউন্ড রুট গেম-চেঞ্জার প্রমাণিত হবে। মাটির তলা দিয়ে যাতায়াত করায় তা শত্রুপক্ষের বিমান হামলা বা ড্রোন নজরদারি থেকেও নিরাপদ থাকবে। বাগডোগরা বায়ুসেনা ঘাঁটি এবং বেঙ্গডুবি ক্যান্টনমেন্টের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে কয়েক গুণ শক্তিশালী করতেই এই সুড়ঙ্গ রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।