হুড়মুড়িয়ে মুজনাই নদীতে ভেঙে পড়ল আস্ত সেতু! বালি বোঝাই ডাম্পার নিয়ে ভয়াবহ বিপর্যয় ফালাকাটায়

কোচবিহারের মাথাভাঙার রেশ কাটতে না কাটতেই এবার আলিপুরদুয়ারের ফালাকাটায় বড়সড় সেতু বিপর্যয়। ফালাকাটা ব্লকের দেওগাঁও এবং জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর উপর অবস্থিত ‘বঙ্কিম সেতু’ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে। রবিবার বালি বোঝাই একটি ভারী ডাম্পার সেতুটি পার হওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ডাম্পারটি যখন সেতুর মাঝপথে, তখনই বিকট শব্দে সেতুটির মাঝখানের অংশ দু’ভাগে বিভক্ত হয়ে নদীতে ভেঙে পড়ে।
এই দুর্ঘটনায় ডাম্পার চালক অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৯৩ সালে জেলা পরিষদের অর্থানুকূল্যে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। গ্রামবাসীরা বারবার সেতুর দুরাবস্থার কথা প্রশাসনকে জানালেও কোনও কাজ হয়নি। ভারী যানবাহন চলাচলের উপযোগী না হওয়া সত্ত্বেও নিয়মিত বালি বোঝাই ডাম্পার যাতায়াত করার ফলেই এই বিপর্যয় বলে মনে করছেন এলাকাবাসী।
সেতুটি ভেঙে পড়ার ফলে দেওগাঁও ও জটেশ্বরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বিধায়ক দীপক বর্মণ এই ঘটনার জন্য রাজ্যের শাসকদলের উদাসীনতাকে দায়ী করে সরব হয়েছেন। নিম্নমানের রাস্তা সংস্কারের কাজ নিয়ে আগেই ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে, এবার সেতু ভেঙে পড়ায় সেই ক্ষোভের আগুনে ঘি পড়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং নতুন মজবুত সেতু নির্মাণ করতে হবে।