“ভর্তি নিল না ডাক্তাররা, চোখের সামনে ছেলেটা মরে গেল!” বিসি রায় শিশু হাসপাতালের সামনে ডুকরে কাঁদছেন মা

রবিবার সকালে এক চরম মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। হাসপাতালের গেটের বাইরে দীর্ঘক্ষণ বসে মা। কোলে নিস্তেজ হয়ে পড়ে থাকা দেড় বছরের শিশুপুত্র। কিছুক্ষণ আগেও যে শিশুটি ‘পাপা’ বলে ডাকছিল, হাসপাতালের অমানবিকতায় মায়ের কোলেই চিরঘুমের দেশে চলে গেল সেই একরত্তি। ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র উত্তেজনা।
মৃত শিশুর নাম আব্দুর রহিম, বাড়ি নিউটাউন রাজারহাট এলাকায়। পরিবারের অভিযোগ, শনিবার রাতে শিশুটির ডায়েরিয়া ও বমি শুরু হওয়ায় তাকে তড়িঘড়ি বিসি রায় হাসপাতালে আনা হয়। কিন্তু অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি না নিয়ে শুধুমাত্র ওআরএস (ORS) খাইয়ে বাড়ি পাঠিয়ে দেন। রবিবার সকালে শিশুটির অবস্থার আরও অবনতি হলে ফের তাকে হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি।
অসুস্থ সন্তানকে কোলে নিয়ে দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন মা। সেই অপেক্ষার মাঝেই নিস্তেজ হয়ে যায় শিশুটি। বিনা চিকিৎসায় শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। কান্নায় ভেঙে পড়া মা বলেন, “আমার ছেলে শুধু পাপা বলত। আমি হাজার বললেও মা বলত না, শুধু পাপা বলে ডাকত। সেই ছেলেটা এভাবে চলে গেল!” মৃত শিশুর বাবা ক্ষোভ উগরে দিয়ে জানান, চিকিৎসকরা বারবার ওআরএস খাওয়ানোর কথা বলে দায় এড়াতে চেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো ভর্তি নিলে আজ তাঁর সন্তান বেঁচে থাকত। এই ঘটনায় হাসপাতালের প্রশাসনিক গাফিলতি নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।