আবারও সীমান্তে পাক অনুপ্রবেশকারী! সাম্বায় বিএসএফের হাতে ধরা পড়ল শত্রু দেশের চর?

সীমান্তে ঘাপটি মেরে থাকা শত্রুদের শয়তানি যেন কিছুতেই থামছে না। পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের রক্ত ঝরানোর পর ভারতীয় সেনার প্রত্যাঘাতে থরথর করে কেঁপেছিল পাকিস্তান। কিন্তু সেই যোগ্য জবাবের পরেও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। ফের জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী।

জানা গিয়েছে, রবিবার আন্তর্জাতিক সীমান্তের খুব কাছ থেকে ওই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করেন সীমান্ত রক্ষীবাহিনীর জওয়ানরা। ধৃত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু সন্দেহভাজন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে ওই পাকিস্তানি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল, তা জানতে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এই ঘটনার পরেই পুরো সাম্বা জেলা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারিও এই সাম্বা সেক্টরেই অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল এক জঙ্গি, যাকে জওয়ানরা গুলিতে নিকেশ করেন। গত সপ্তাহেও সেনার পোশাক পরা দুই সন্দেহভাজনকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল, যার পর থেকেই হাই-অ্যালার্ট জারি রয়েছে জম্মু সীমান্তে। সাম্বা সেক্টর এখন কার্যত দুর্গে পরিণত হয়েছে, যাতে শত্রুপক্ষের কোনো নাশকতামূলক পরিকল্পনা সফল না হয়।