দিল্লির ৯টি নামী স্কুলে বোমাতঙ্ক! সকাল হতেই হুলস্থুল রাজধানী জুড়ে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

সোমবার সকালে বড়সড় নাশকতার হুমকিতে ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি। ঘড়িতে তখন সকাল ৮:৩০ থেকে ৯টা, একের পর এক শহরের ৯টি নামী স্কুলে বোমা হামলার হুমকি ভরা ফোন আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে স্কুল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পাওয়ামাত্রই দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড প্রতিটি স্কুলে পৌঁছে চিরুনি তল্লাশি শুরু করেছে।

নিশানায় যে স্কুলগুলো: তালিকায় রয়েছে— দিল্লি ক্যান্টের লরেটো কনভেন্ট স্কুল, শ্রীনিবাসপুরীর কেমব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, নিউ ফ্রেন্ডস কলোনির কেমব্রিজ স্কুল, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিণীর সিএম শ্রী স্কুল, আইএনএ-র ডিটিএ স্কুল, রোহিণীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজেন্দ্র নগরের বনস্থলী স্কুল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পড়ুয়া ও কর্মীদের দ্রুত স্কুল চত্বর থেকে বাইরে বের করে আনা হয়।

পুরনো স্মৃতি ও বর্তমান সতর্কতা: চলতি বছরের শুরু থেকেই দিল্লি-এনসিআরের স্কুলগুলোতে এই ধরণের ভুয়ো হুমকির হিড়িক পড়েছে। গত ৭ ফেব্রুয়ারি ৫০টিরও বেশি স্কুলে ইমেল মারফত হুমকি দেওয়া হয়েছিল, যা পরে স্বরাষ্ট্রমন্ত্রক ‘ফেক’ বলে ঘোষণা করে। তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুলিশ কলদাতার পরিচয় এবং লোকেশন ট্রেস করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার না হলেও কড়া নজরদারি চালানো হচ্ছে।