বৃদ্ধকে লাথি মেরে খুনের অভিযোগ! ব্যারাকপুরের দাপুটে কাউন্সিলরকে ৬ বছরের জন্য তাড়াল তৃণমূল

ভোটের মুখে জনমানসে ভাবমূর্তি ধরে রাখতে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের মণিরামপুরে ৮১ বছরের বৃদ্ধ তুলসীচরণ অধিকারীকে পিটিয়ে ও লাথি মেরে খুনের অভিযোগে কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে। স্থানীয় বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক সাফ জানিয়েছেন, এই ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না।
ঘটনার সূত্রপাত প্রতিবেশীর একটি বেআইনি নির্মাণের প্রতিবাদ জানানো ঘিরে। অভিযোগ, ওই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যারাকপুর পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন বৃদ্ধ তুলসীচরণবাবু। সেই আক্রোশেই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য দলবল নিয়ে বৃদ্ধের বাড়িতে চড়াও হন। বচসা চলাকালীন সবার সামনেই ওই বৃদ্ধের পেটে সজোরে লাথি মারেন কাউন্সিলর। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি প্রতিকূল বুঝে দ্রুত আসরে নামে তৃণমূল নেতৃত্ব। বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নিরীহ ও সজ্জন ওই বৃদ্ধের মৃত্যুতে আমরা মর্মাহত।” পুলিশ জানিয়েছে, কাউন্সিলরের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। বারবার জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি থাকায় ব্যারাকপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে কোনওভাবেই বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে রাজি নয় শাসকদল, তাই এই ত্বরিত সিদ্ধান্ত।