সিংহলি স্পিনের ভেলকিতে কুপোকাত আয়ারল্যান্ড! ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু শ্রীলঙ্কার

ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ অভিযানের শুরুটা রাজকীয় মেজাজেই করল শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে স্পিন জাদুতে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিল দ্বীপরাষ্ট্র। ১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হাসারাঙ্গা-থিকসানাদের দাপটে মাত্র ১৪৩ রানেই থমকে গেল আইরিশদের ইনিংস।

টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। লঙ্কান ওপেনাররা ব্যর্থ হলেও দলের হাল ধরেন কুশল মেন্ডিস। ৪৩ বলে ৫৬ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস, যাঁর ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস শ্রীলঙ্কাকে ৬ উইকেটে ১৬৩ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে হ্যারি টেক্টর (৪০) এবং লরকান টাকার (২১) লড়াই করলেও হাসারাঙ্গা ও থিকসানার স্পিন বিষে নীল হয়ে যায় আয়ারল্যান্ডের মিডল অর্ডার। দুজনেই তিনটি করে উইকেট নেন। ১০৫ রানে ২ উইকেট থেকে মাত্র ১৪৩ রানে অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড।

অন্যদিকে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট বিশ্ব দেখল এক রুদ্ধশ্বাস লড়াই। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিল নেপাল। ১৮৫ রান তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই চালায় হিমালয়ের দেশটি। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৬ রান, কিন্তু স্যাম কারেনের বলে লোকেশ বাম মাত্র ১ রান নিতে সক্ষম হন। ৪ রানে ম্যাচ হারলেও নেপালের লড়াকু মানসিকতা মন জয় করেছে ক্রিকেট ভক্তদের। ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেল (৫৫) ও হ্যারি ব্রুক (৫৩) হাফসেঞ্চুরি করলেও নেপালের দীপেন্দ্র সিং আইরে (৪৪) এবং রোহিত পাউডেলের (৩৯) পাল্টায় চাপে ছিল ইংরেজরা। শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে ইংল্যান্ডের মান বাঁচান স্যাম কারেন।