আরজি কর কাণ্ডে বিরাট টুইস্ট! সিবিআইকে ঘোল খাইয়ে বেপাত্তা খোদ ‘হুইসেলব্লোয়ার’ আখতার আলি?

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় নাটকীয় মোড়। যে আখতার আলি একদা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন, এখন তিনিই সিবিআই-এর খাতায় ‘ফেরার’। সোমবার হাওড়ায় তাঁর দুটি ঠিকানায় হানা দিয়েও খালি হাতে ফিরতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মোবাইল ফোন বন্ধ করে বর্তমানে বেপাত্তা আরজি করের এই প্রাক্তন ডেপুটি সুপার।

শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আদালতের নির্দেশ ছিল, তাঁকে অবিলম্বে আত্মসমর্পণ করতে হবে। শনিবার তিনি আদালতে হাজিরা দিলেও, নাটকীয়ভাবে আইনজীবী সঙ্গে না থাকার অজুহাতে আত্মসমর্পণ না করেই ফিরে যান। এরপরই তাঁকে হেফাজতে নিতে তৎপর হয় সিবিআই। কিন্তু সোমবার তাঁর বাসভবনে গিয়ে দেখা যায়, তিনি বাড়িতে নেই। আত্মীয়দের দাবি, আখতার আলি কোথায় আছেন তা তাঁদের জানা নেই।

উল্লেখ্য, আরজি করের চিকিৎসক-ছাত্রীর নৃশংস ঘটনার পর যখন আর্থিক দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ সামনে আসে, তখন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কিন্তু তদন্ত যত এগোয়, কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারেন যে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া আখতার নিজেও আর্থিক কেলেঙ্কারিতে সমানভাবে লিপ্ত। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়লে বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি। অসুস্থতার দোহাই দিয়ে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয়। বর্তমানে গ্রেফতারি এড়াতে তিনি গা ঢাকা দিয়েছেন বলেই মনে করছে সিবিআই। আজ এই নিয়ে পুনরায় আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় সংস্থা।