ফুটবল নয়, এবার ক্রিকেটে বিশ্বজয়ের লক্ষ্যে ইতালি! ইডেনে আজ পাওলো মালদিনিদের উত্তরসূরিদের মহাদপন

ফুটবল বিশ্বকাপের প্লে-অফ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, বাইশ গজের বিশ্বকাপে সোমবার এক নতুন ইতিহাস লিখতে চলেছে ইতালি। চারবারের ফুটবল বিশ্বচ্যাম্পিয়নদের হাতে আজ ব্যাট আর বল। প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ ইডেন গার্ডেন্সে নামছে পাওলো মালদিনি-ফ্রান্সেসকো তোত্তিদের দেশ। বেলা ১১টায় ক্রিকেটের মক্কায় এক নতুনের অভিযানে নামবে ‘আজুরি’রা।

ষাট ও সত্তরের দশকে ভারতীয় কিংবদন্তি ফারুক ইঞ্জিনিয়ারের কিপিং আর ব্যাটিং দেখে ক্রিকেটের প্রেমে পড়েছিলেন সিমোনে গাম্বিনো। আজ তাঁরই অবদানে ইতালির এই বিশ্বমঞ্চে আবির্ভাব। গাম্বিনো জানান, একসময় ইতালিতে ক্রিকেটের নিয়ম বোঝানো ছিল দুঃসাধ্য কাজ। সাদা পোশাকে লাল বলের খেলা দেখে ইতালির আমজনতা কে কার প্রতিপক্ষ তা বুঝতেই হিমশিম খেত। কিন্তু রঙিন পোশাকের ক্রিকেটের আবির্ভাব সব বদলে দেয়। বিশেষ করে ১৯৯২ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রো-র প্রশিক্ষণ ইতালি ক্রিকেটকে এক মজবুত ভিত্তি দিয়েছিল।

বর্তমানে ইতালি দলে রয়েছেন একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার, যাঁদের অনেকেরই নাড়ির টান দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া কিংবা ভারতীয় উপমহাদেশে। অধিনায়ক ওয়েন ম্যাটসন নিজে এক সময় দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্ড হকি খেলেছেন। ইডেনে নামার আগে দলের আত্মবিশ্বাস তুঙ্গে। চেন্নাইয়ে দীর্ঘ প্রস্তুতি শিবির এবং একাধিক জয়ী প্র্যাকটিস ম্যাচ তাঁদের উজ্জীবিত রেখেছে। সবচেয়ে বড় পাওনা হল ভারতীয় ক্রিকেটের ‘দেওয়াল’ রাহুল দ্রাবিড়ের পরামর্শ। ম্যাটসনের মতে, দ্রাবিড়ের মন্ত্র তাঁদের মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করেছে।

ইতালির এই দলে দশজন ক্রিকেটার রয়েছেন যাঁদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে। দলে আছেন অভিজ্ঞ তিন স্পিনার, যাঁদের ইডেনের উইকেটে কাজে লাগাতে চান কোচ জন ডেভিডসন। ক্যাপ্টেন ম্যাটসন জানালেন, তিনি নিজে ফুটবল কিংবদন্তি তোত্তির ভক্ত হলেও ভারতে ক্রিকেটের উন্মাদনা দেখে তিনি রোমাঞ্চিত। তাঁর কথায়, “ভারতে খেলা পাগল মানুষ। আমরা জানি কলকাতায় মেসিও খেলে গিয়েছেন। এখানে খেলতে পারা গর্বের।”

সরকার বর্তমানে সে দেশে ক্রিকেট স্টেডিয়াম তৈরি থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। কৃত্রিম ঘাসের মাঠে খেলে বড় হওয়া ক্রিকেটাররা আজ ইডেনের মখমলের মতো সবুজ ঘাসে ইতিহাস গড়তে মরিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্কটল্যান্ডকে হারানোর স্মৃতি টাটকা রেখেই আজ ইডেনের ২২ গজে ‘প্রন্তি, পার্তেনজা, ভিয়া’ (রেডি, স্টেডি, গো) বলতে প্রস্তুত ইতালি।