“আমি আসছি, চিন্তা করবেন না!” ৩ লক্ষ গাছ কাটা নিয়ে রাহুল গান্ধীর হুঙ্কার, কাঁপছে আদানি গোষ্ঠী?

মধ্যপ্রদেশের সিংরোলিতে কোল মাইনিং বা কয়লা উত্তোলনের জন্য নির্বিচারে জঙ্গল ধ্বংসের অভিযোগ এবার পৌঁছে গেল খোদ রাজধানীর দরবারে। দিল্লির ‘জন সংসদ’ কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন সিংরোলির এক আদিবাসী প্রতিনিধিদল। ২৭ বর্গ কিলোমিটার জমি আদানি গোষ্ঠীকে লিজ দেওয়া এবং ৩ লক্ষ গাছ কাটার যে ভয়াবহ চিত্র তাঁরা তুলে ধরেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ রাহুল। আদিবাসীদের আশ্বস্ত করে তিনি স্পষ্ট জানিয়েছেন, “আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি সিংরোলি আসছি।”
আদিবাসীদের ভিটেমাটি হারানোর যন্ত্রণা: প্রতিনিধিদলটি রাহুল গান্ধীকে জানায় যে, সিংরোলির সমৃদ্ধ বনাঞ্চল এখন অস্তিত্ব সংকটে। ইতিমধ্যেই ৩ লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে শুধুমাত্র পরিবেশের ক্ষতি হচ্ছে না, প্রজন্মের পর প্রজন্ম ধরে জঙ্গলে বাস করা আদিবাসীদের জীবিকাও আজ বিপন্ন। তাঁরা জঙ্গল ছেড়ে কোথাও যেতে চান না।
ফেসবুকে সরব রাহুল: মুলাকাতের পর রাহুল গান্ধী নিজের ফেসবুক ওয়ালে লেখেন, “সিংরোলির আদিবাসীরা আজ তাঁদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। ভারত তার আদি বাসিন্দাদের পিষে দিয়ে কখনওই এগোতে পারে না।” তিনি আরও যোগ করেন যে, আদিবাসীরা এদেশের অতিক্রমনকারী নয়, বরং প্রথম মালিক। তাঁদের জল, জঙ্গল ও জমির ওপর নৈতিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। আদানি গোষ্ঠীর প্রজেক্টের বিরুদ্ধে রাহুলের এই সরাসরি অবস্থান সিংরোলির রাজনীতিতে বড়সড় ঝড় তুলতে চলেছে বলে মনে করা হচ্ছে।