‘এটি কোনো বাধ্যবাধকতা নয়, এটি ভালোবাসা!’ ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন এমন বললেন পীযূষ গোয়েল?

ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিয়ে চলা সমস্ত জল্পনা ও অপপ্রচারের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এই চুক্তিকে তিনি ‘লেবার অফ লাভ’ (Labor of Love) বলে অভিহিত করেছেন। গোয়েলের মতে, এই কাজ কোনো চাপে পড়ে নয়, বরং অত্যন্ত যত্ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দুই দেশের স্বার্থ রক্ষায় করা হয়েছে।

যাঁরা অভিযোগ করছেন যে এই চুক্তির ফলে ভারত তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তাঁদের ‘অজ্ঞ’ বলে কটাক্ষ করেছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ভারত ও আমেরিকার মধ্যে কোনো বিশ্বাসের সংকট (Trust Deficit) নেই। বরং ভারত এই চুক্তির ফলে ১৮% রেসিপ্রোকাল ট্যারিফ সুবিধা পাবে, যা অন্য উন্নয়নশীল দেশগুলির তুলনায় ভারতকে বিশ্ববাজারে কয়েক কদম এগিয়ে রাখবে। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই অংশীদারিত্ব আগামী দিনে ভারতের জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।