দিল্লিতে নজরদারি এবার আকাশ থেকে! ৫০ হাজার হাইটেক ক্যামেরায় কি তবে কমবে নারী নিগ্রহ?

দিল্লিতে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কোমর বেঁধে নামছে সরকার। রাজধানীর প্রতিটি অন্ধকার কোণ এবং সংবেদনশীল এলাকা এখন থাকবে কড়া নজরদারিতে। দিল্লির বিজেপি সরকার ঘোষণা করেছে যে, শহরজুড়ে প্রায় ৫০ হাজার নতুন হাইটেক সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এই প্রকল্পের জন্য মোট ৬৪৬.৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার লক্ষ্য হলো অপরাধমুক্ত এবং নিরাপদ দিল্লি গড়ে তোলা।
প্রযুক্তি যখন নিরাপত্তার অস্ত্র: এই প্রকল্পের অধীনে ৪ মেগাপিক্সেল আইপি বুলেট ক্যামেরা লাগানো হবে, যাতে থাকবে ৫১২ জিবি লোকাল স্টোরেজ। কিন্তু সবথেকে বড় চমক হলো ১০০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ANPR (অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন) ক্যামেরা। এই ক্যামেরাগুলো ইনফ্রারেড ভিশনের সাহায্যে ১০০ মিটার দূর থেকেও গাড়ির নম্বর প্লেট শনাক্ত করতে পারবে। এর ফলে রাতের অন্ধকারে কোনো অপরাধ ঘটিয়ে পালানো দুষ্কৃতীদের ধরা এখন সময়ের অপেক্ষা মাত্র।
সোলার পাওয়ার ও ব্যাকআপ: বিদ্যুৎ নেই এমন এলাকাগুলোতেও নজরদারি থামবে না। তার জন্য ৫,০০০টি সোলার প্যানেল সিস্টেম বসানো হচ্ছে, যা লিথিয়াম-আয়ন ব্যাটারির সাহায্যে টানা ১৪ ঘণ্টা ব্যাকআপ দেবে। পিডব্লিউডি (PWD) এবং দিল্লি পুলিশের ইনপুট অনুযায়ী সেই জায়গাগুলোকেই বেছে নেওয়া হয়েছে যেখানে মহিলাদের যাতায়াত বেশি বা যেখানে আলোর অভাব রয়েছে। ২০৩১-৩২ সালের মধ্যে ধাপে ধাপে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।