হিমাচল নয়, এবার গোয়ালিয়রের গরমে ফলছে আপেল! অসাধ্য সাধন করলেন মধ্যপ্রদেশের কৃষক

যে আপেল কেবল হিমাচল বা কাশ্মীরের শীতল উপত্যকার সম্পদ হিসেবে পরিচিত, এবার তা দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের তপ্ত লু-এর দেশ গোয়ালিয়রে। জেলার পানিহার সংলগ্ন রামপুর গ্রামের এক কৃষক অসাধ্য সাধন করেছেন। যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, সেখানে এখন দুলছে থোকায় থোকায় রসিলে আপেল। কৃষি দপ্তরের পরীক্ষামূলক এই উদ্যোগ এখন গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু।

সাফল্যের নেপথ্যে ‘আন্না’ প্রজাতি: প্রায় দুই বছর আগে কৃষি দপ্তরের উদ্যোগে রামপুর গ্রামের কৃষক অনিল তোমারের জমিতে পরীক্ষামূলকভাবে আপেলের চারা রোপণ করা হয়েছিল। মূলত হিমাচল প্রদেশের বিশেষ ‘আন্না’ (Anna) প্রজাতির চারা লাগানো হয়। লক্ষ্য ছিল দেখা— হিমাচলের মতো শীতল আবহাওয়ার ফল গোয়ালিয়রের প্রচণ্ড গরমে টিকে থাকতে পারে কি না। দুই বছর পর দেখা যাচ্ছে, গাছগুলি কেবল বড়ই হয়নি, বরং স্বাভাবিক আকারের সুস্বাদু ও রসিলে ফলে ভরে উঠেছে।

কৃষি দপ্তরের পরীক্ষা: কৃষি দপ্তরের আধিকারিকদের মতে, এটি একটি বৈপ্লবিক সাফল্য। গরম প্রধান অঞ্চলে আপেল চাষের এই সাফল্যে আগামী দিনে মধ্যপ্রদেশের কৃষকদের আয়ের নতুন দিগন্ত খুলে যেতে পারে। গোয়ালিয়রের এই আপেল আকারে সাধারণ আপেলের মতোই এবং স্বাদেও অত্যন্ত মিষ্টি। এই পরীক্ষার প্রাথমিক সাফল্য দেখে এখন অনেক স্থানীয় কৃষকই আপেল চাষে উৎসাহ দেখাচ্ছেন।