মেট্রো স্টেশনে গার্লফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স! হাতেনাতে ধরে যা করলেন মা, দেখে থমকে গেল গোটা প্ল্যাটফর্ম

লোকলস্কর নেই, নেই কোনো জাঁকজমকপূর্ণ মণ্ডপ। চারদিকে হাজারো মানুষের ভিড়, আর তারই মাঝে হুশ হাস শব্দে যাতায়াত করছে মেট্রো। ব্যস্ত মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মই যে হঠাৎ করে কোনো বিয়ের আসর বা এনগেজমেন্টের ভেন্যু হয়ে উঠবে, তা কল্পনাও করতে পারেননি সেখানে উপস্থিত যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে, যেখানে এক মা তার ছেলেকে প্রেমিকার সঙ্গে হাতেনাতে ধরে ফেলে মেট্রো স্টেশনেই বাগদান বা ‘রোকা’র অনুষ্ঠান সম্পন্ন করলেন।

কী ঘটেছিল ঠিক? ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেট্রো স্টেশনের বেঞ্চে বসে গভীর গল্পে মগ্ন এক যুগল। যুবকটি একটি চেক শার্ট এবং জিন্স পরে ছিলেন, আর তার পাশেই ছিলেন তার বান্ধবী। ঠিক সেই মুহূর্তেই নাটকীয়ভাবে এন্ট্রি নেন যুবকের মা। সাধারণত এমন পরিস্থিতিতে মায়েদের রাগান্বিত হতে দেখা যায়, কিন্তু এখানে চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। মায়ের হাতে ছিল মিষ্টির প্যাকেট, ফল এবং নতুন ওড়না।

স্টেশনেই শুরু রীতিনীতি: মা যখন ছেলেকে পাকড়াও করেন, তখন যুবকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ছেলেটি বারবার বলতে থাকে, “মা ছাড়ো, লোকে দেখছে, আমাদের বেইজ্জতি হচ্ছে।” কিন্তু মা নাছোড়বান্দা! তিনি হাসিমুখে বলেন, “আমরা তো বাড়িতেই যেতে চেয়েছিলাম, কিন্তু এখানেই ধরে ফেললাম যখন, তখন এখানেই হবে।” এরপর মা নিজের ব্যাগ থেকে ওড়না বের করে হবু পুত্রবধূকে পরিয়ে দেন এবং মিষ্টি মুখ করান। পেছনে লাল কুর্তা পরা বাবা গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করছিলেন। মা তো রীতিমতো নির্দেশ দিচ্ছিলেন, “ভিডিওটা ঠিকমতো বানাও, ওর বাবাকে পাঠাতে হবে।”

নেটপাড়ার প্রতিক্রিয়া: এই ১-২ মিনিটের ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকে একে ‘পিক ইন্ডিয়ান প্যারেন্টিং’ বা খাঁটি ভারতীয় ঢঙের অভিভাবকত্ব বলে অ্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, “পালানোর পথ নেই জেনেই মা মোক্ষম সুযোগ কাজে লাগিয়েছেন।” তবে নেটিজেনদের একাংশ মনে করছেন এটি কোনো মজাদার প্র্যাঙ্ক বা স্ক্রিপ্টেড ভিডিও হতে পারে। কারণ যাই হোক না কেন, মেট্রো স্টেশনের এই ‘সারপ্রাইজ এনগেজমেন্ট’ এখন নেটদুনিয়ার হট টপিক।