সিলিকন ভ্যালিতে ফের ছাঁটাই আতঙ্ক! মেটার কোপ এবার সান ফ্রান্সিসকোয়, চাকরি হারাচ্ছেন শতাধিক

প্রযুক্তি বিশ্বে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত। ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta) পুনরায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সান ফ্রান্সিসকো পেনিনসুলা অফিসে আরও ১০২ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা। ক্যালিফোর্নিয়া কর্মসংস্থান উন্নয়ন বিভাগকে মেটা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূলত ‘মেটাভার্স’ বিভাগ থেকে বিনিয়োগ সরিয়ে ‘পরিধেয় প্রযুক্তি’ বা উইয়ারেবল টেকনোলজিতে (Wearable Tech) মনোনিবেশ করার লক্ষ্যেই এই পুনর্গঠন।

মেটাভার্সে বিশাল লোকসান: ২০২৬ সালের শুরু থেকেই মেটা আগ্রাসীভাবে খরচ কমানোর পথে হাঁটছে। জানুয়ারি মাসেই রিয়েলিটি ল্যাবস বিভাগ থেকে ১,৫০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে মেটাভার্স বিভাগে মেটার মোট লোকসান ৮৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যেখানে আয় হয়েছে মাত্র ১১.৮ বিলিয়ন ডলার। এই লোকসান সামাল দিতেই ৩টি ভিআর গেম স্টুডিও বন্ধ করার পাশাপাশি একাধিক প্রজেক্ট বাতিল করেছে মেটা।

ব্লক-এও ছাঁটাইয়ের কোপ: মেটার পাশাপাশি টুইটারের (বর্তমানে X) সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ডিজিটাল পেমেন্ট সংস্থা ‘ব্লক’ (Block) থেকেও ১১০০ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থার খরচ কমিয়ে নতুন ব্যবসায়িক কাঠামো তৈরির লক্ষ্যেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।