সন্ত্রাসবাদে ‘নো ডবল স্ট্যান্ডার্ড’! মালয়েশিয়ার মাটি থেকে কড়া বার্তা মোদীর, স্বাক্ষরিত একাধিক চুক্তি

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে এক ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুত্ৰজায়ার ‘পেরদানা পুত্র’-তে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও নরেন্দ্র মোদীর মধ্যে প্রতিনিধিদল পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের বার্তা স্পষ্ট—কোনো দ্বৈত নীতি (Double Standard) চলবে না।”
প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদারিত্ব: দুই নেতার উপস্থিতিতে ভারত ও মালয়েশিয়ার মধ্যে একাধিক মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই আলোচনা মূলত প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা এবং অর্থনৈতিক উদ্ভাবনের ওপর জোর দিয়েছে। মোদী জানান, আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে মিলে ভারত গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়বদ্ধ।
সাংস্কৃতিক মেলবন্ধন ও উষ্ণ অভ্যর্থনা: এদিন পুত্ৰজায়ায় প্রধানমন্ত্রী মোদীকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার তামিল সম্প্রদায়ের অবদানের প্রশংসা করে মোদী বলেন, “তিরুমুরাই ভক্তিগীতি গেয়ে ছাত্ররা যেভাবে তামিল ঐতিহ্যকে রক্ষা করেছে তা প্রশংসনীয়।” ব্যক্তিগত বন্ধুত্বের নজির গড়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে মোদীর সাথে একই গাড়িতে যাতায়াত করতে দেখা যায়, যা দুই দেশের গভীর আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।