মার্কিন ট্রেড ডিলে কি বিপদে দেশের অন্নদাতারা? শিবরাজ সিং চৌহানের বড় বয়ানে স্বস্তি!

ভারত ও আমেরিকার মধ্যে হওয়া সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি (Trade Deal) নিয়ে কৃষকদের মধ্যে দানা বাঁধা আশঙ্কার অবসান ঘটালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার ভোপালে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই চুক্তিতে ভারতীয় কৃষকদের স্বার্থ এক ইঞ্চিও ক্ষুন্ন হবে না। বরং, আমেরিকা বেশ কিছু ভারতীয় কৃষি পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করে দিয়েছে, যা দেশের রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে।
কোন কোন ফসল সুরক্ষিত? মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট নির্দেশ ছিল যে দেশের কৃষকদের স্বার্থে কোনো আপস করা হবে না। সেই মোতাবেক সয়াবিন, ভুট্টা, চাল, গম, চিনি, ডেইরি পণ্য এবং মশলার মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিকে মার্কিন আমদানির জন্য উন্মুক্ত করা হয়নি। দুধের গুঁড়ো, দই, মাখন, ঘি বা পনিরের মতো দুগ্ধজাত পণ্যও এই চুক্তির বাইরে রাখা হয়েছে।
রপ্তানির নতুন দিগন্ত: চৌহান জানান, আমেরিকা ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নিয়ে এসেছে। এর ফলে জেনেরিক ওষুধ, রত্ন ও হীরা এবং বিমানের যন্ত্রাংশের পাশাপাশি ভারতীয় কৃষি পণ্যও মার্কিন বাজারে সহজে পৌঁছাবে। অন্যদিকে, ভারত কিন্তু মার্কিন কৃষি পণ্যের ক্ষেত্রে এমন কোনো ঢালাও ছাড় দেয়নি। এই ভারসাম্যমূলক চুক্তির ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়বে এবং ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।