স্কুলে আসতে দেরি কেন? প্রশ্ন করায় শিক্ষিকাকে সটান চড় ছাত্রের! গুজরাতের ঘটনায় তোলপাড় দেশ

শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা চুরমার করে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গুজরাতের পাঁচমহল জেলা। পরীক্ষা দিতে দেরি করে আসায় কারণ জিজ্ঞাসা করেছিলেন এক শিক্ষিকা। আর সেই ‘অপরাধে’ ভরা ক্লাসরুমে সকলের সামনে শিক্ষিকাকে সজোরে চড় মারল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। অভিযুক্ত ছাত্রের নাম মহম্মদ খান আনসারি। ঘটনায় চরম অপমানিত ও আতঙ্কিত ওই শিক্ষিকা অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
ঠিক কী ঘটেছিল? গত ২৪ জানুয়ারি সেহরার এস জে ডাভে হাই স্কুলে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় প্রিলিমিনারি পরীক্ষা ছিল। সেখানে ইনভিজিলেটর হিসেবে দায়িত্বরত ওই শিক্ষিকা দেখেন মহম্মদ খান দেরি করে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছে। কেন দেরি হলো, তা জিজ্ঞাসা করতেই ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্র। সে পালটা চিৎকার করে বলে, “বাড়িতে আমাকে কেউ প্রশ্ন করার সাহস পায় না, আপনি কে?” এর পরেই আচমকা সে শিক্ষিকাকে চড় মারে এবং স্কুল থেকে চম্পট দেয়। গোটা ঘটনাটি স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
দলবল নিয়ে এসে হুমকি: ঘটনা এখানেই শেষ নয়। অভিযোগ, এর তিনদিন পর ২৭ জানুয়ারি ওই ছাত্র তার বাবা এবং ১৫-২০ জনের একটি দল নিয়ে স্কুলে চড়াও হয়। সেখানে ওই শিক্ষিকা এবং স্কুলের ইন-চার্জ প্রিন্সিপালকে রীতিমতো শাসানো হয়। শিক্ষিকা ওই শহরে একাই থাকেন, তাই তাঁর বড়সড় ক্ষতি করে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত ছাত্র। গত ৩ ফেব্রুয়ারি এই ঘটনায় এফআইআর দায়ের হলে পুলিশ ছাত্রটিকে গ্রেফতার করে। ১৮ বছর বয়স হওয়ায় তাকে আদালতে পেশ করা হয়েছিল, তবে বর্তমানে সে জামিনে মুক্ত। পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।