যমুনা এক্সপ্রেসওয়েতে রক্তস্নান! মাঝরাতে ট্রাকের চাকায় পিষ্ট ৬ যাত্রী, মথুরায় শিউরে ওঠা মর্মান্তিক দুর্ঘটনা

উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে শনিবার ভোরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জন বাস যাত্রীর। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই দিল্লি থেকে কানপুর যাচ্ছিলেন।

Surir থানা এলাকার ৮৮ নম্বর মাইলেস্টোনের কাছে রাত ২টা ৪৫ মিনিট নাগাদ এই মর্মান্তিক কাণ্ডটি ঘটে। বাসটি এক্সপ্রেসওয়ের ধারে সামান্য বিরতির জন্য দাঁড়ালে কয়েকজন যাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন। ঠিক সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘাতক ট্রাক সরাসরি যাত্রীদের ওপর উঠে যায়। মথুরার এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, মৃতদের মধ্যে সোনু (আউরাইয়া), দেবেশ (বস্তী), আসলাম (কনৌজ) এবং সন্তোষ (দিল্লি)-কে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

জেলাশাসক সি.পি. সিং চালকদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চোখের পলকে ট্রাকটি এসে পিষে দিয়ে চলে যায়, মুহূর্তের মধ্যে এক্সপ্রেসওয়ে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে তদন্ত শুরু করেছে। আহত অমর দুবে বর্তমানে বিপদমুক্ত হলেও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।