বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে তুলকালাম! অগ্নিমিত্রার মন্তব্যে চটলেন ফিরহাদ, ময়দানে শুভেন্দুর ‘বুদ্ধ-স্তুতি

রাজ্যের বাজেট অধিবেশনে আলোচনার বিষয়বস্তু ছাপিয়ে এবার শিরোনামে উঠে এল সাম্প্রদায়িক বিতর্ক। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিধানসভায় অভিযোগ করেন, “ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের একমাত্র কাজ।” তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সরব হন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি পাল্টা বলেন, “সব সংখ্যালঘু ক্রিমিনাল নন, আপনাদের ধিক্কার জানাই।”

এই বিতর্কের রেশ টেনেই বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ। প্রায় দুই দশক আগে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে, কিছু অনুমোদনহীন মাদ্রাসা দেশবিরোধী কার্যকলাপের আখড়া হয়ে উঠছে। সেই সময়ের বিতর্কের কথা মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, “ব্যক্তিগতভাবে বুদ্ধবাবু সৎ ছিলেন। ওনার অনেক সিদ্ধান্ত ঠিক ছিল। উনি দুর্নীতি পছন্দ করতেন না বলেই একসময় মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন।”

শুভেন্দুর মতে, রাজনৈতিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা থাকলেও, মাদ্রাসা বা কিছু নির্দিষ্ট ইস্যুতে ওনার দূরদর্শিতা সঠিক ছিল। নন্দীগ্রাম বা সিপিএমের সমালোচনা করলেও, ব্যক্তি বুদ্ধদেবকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু। এই ‘বুদ্ধ-স্তুতি’র আড়ালে শুভেন্দু আসলে বর্তমান সরকারের সংখ্যালঘু তোষণ নীতিকেই বিঁধতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।