ইতিহাসের পাতায় কালো দাগ! মাধ্যমিকের তৃতীয় দিনেও মোবাইল-সহ ধরা পড়ল ১৩ জন, সবার পরীক্ষা বাতিল

দু’দিন ছুটির পর শুক্রবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পর্ষদের কড়া নিরাপত্তা এবং বারংবার সতর্কবার্তা সত্ত্বেও এদিন ফের ১৩ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ওই ১৩ জনেরই এই বছরের মতো মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ সূত্রে খবর, এদিন কলকাতা এবং কালিম্পং থেকে ৪ জন করে, কোচবিহার থেকে ২ জন এবং মালদা, জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমান থেকে ১ জন করে পরীক্ষার্থী মোবাইল-সহ হাতেনাতে ধরা পড়েছে। কলকাতার একটি স্কুলেই চার পরীক্ষার্থীর কাছ থেকে ফোন মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। পর্ষদ জানিয়েছে, ওই পড়ুয়াদের ফোনে কোনও প্রশ্নপত্র বা তথ্য মেলেনি ঠিকই, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ফোন নিয়ে ঢোকাই নিয়মভঙ্গ।

উল্লেখ্য, পরীক্ষার প্রথম তিন দিনেই এখনও পর্যন্ত মোট ১৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হলো। একদিকে যখন ৪৯ জন পরীক্ষার্থী অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে, অন্যদিকে সুস্থ সবল পরীক্ষার্থীদের এই অসতর্কতা ও নিয়মভঙ্গের ঘটনা পর্ষদ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, নির্দেশিকা না মানলে আগামী দিনেও একইভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।