“জনগণ প্রত্যাখ্যান করায় এখন আদালতের কথা মনে পড়ল?” প্রশান্ত কিশোরকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নির্বাচনী কৌশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’-কে তীব্র ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-কে ‘অবৈধ’ ঘোষণা করে তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিকে-র দলের প্রতিনিধিরা। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি (CJI) সূর্যকান্ত অত্যন্ত কঠোর মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানান, জনগণ কোনো দলকে প্রত্যাখ্যান করলে সেই হারের বদলা নিতে বা স্বস্তি পেতে বিচারবিভাগীয় মঞ্চকে ব্যবহার করা যায় না।
জন সুরাজ পার্টির অভিযোগ ছিল, বিহারে নির্বাচনী আচরণবিধি চলাকালীন ভোটারদের প্রভাবিত করতে রাজ্য সরকার মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়েছে, যা আসলে বেআইনি ‘ফ্রিবি’ বা নির্বাচনী টোপ। প্রশান্ত কিশোরের পক্ষের আইনজীবী চন্দ্র উদয় সিং সওয়াল করেন যে, এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ এবং এর মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই যুক্তি গ্রহণ করতে অস্বীকার করেন। সিজেআই বলেন, “যখন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে, তখন কি আপনার আদালতের কথা মনে পড়ে? রাজনৈতিক লড়াই লড়তে আদালতকে ব্যবহার করা বন্ধ হওয়া উচিত।”
শীর্ষ আদালত আরও স্পষ্ট করে দেয় যে, একটি মাত্র পিটিশনের মাধ্যমে গোটা রাজ্যের নির্বাচন বাতিল করার দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তবে তার জন্য আইনি পথ রয়েছে। আদালত জন সুরাজ-কে কোনোপ্রকার আইনি স্বস্তি না দিয়ে আবেদনটি খারিজ করে দেয় এবং মামলাকারীকে পাটনা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়। বিচারপতিরা সাফ জানিয়ে দেন যে, আদালত এই বিষয়ে কোনো নোটিশ জারি করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের রাজনীতিতে জমি শক্ত করার চেষ্টায় থাকা প্রশান্ত কিশোরের দলের জন্য সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত বড় এক ধাক্কা।