‘মা কি সন্তান চান?’ গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বার আরজি মঞ্জুর

নারীর প্রজনন অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে এক গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, কোনো মহিলা বা নাবালিকাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সন্তান প্রসব করতে বাধ্য করা যায় না। ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক তরুণীর আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
তরুণীটি যখন অন্তঃসত্ত্বা হন, তখন তিনি নাবালিকা ছিলেন। বর্তমানে প্রাপ্তবয়স্ক হলেও তিনি এই সন্তান প্রসব করতে ইচ্ছুক নন। আদালতের পর্যবেক্ষণ, গর্ভপাতের সিদ্ধান্তের ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক জটিলতা নয়, হবু মায়ের মানসিক অবস্থাকেও সমান গুরুত্ব দিতে হবে। বিচারপতিরা বলেন, “একজন মা যদি এই গর্ভাবস্থা চালিয়ে যেতে না চান, তবে তাঁর ওপর জোর করা বেদনাদায়ক এবং অন্যায়।”
মুম্বইয়ের জেজে হাসপাতালকে আইনি সুরক্ষা মেনে এই গর্ভপাত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বম্বে হাইকোর্ট গর্ভপাতের আবেদন খারিজ করে বলেছিল যে, মা দায়িত্ব নিতে না চাইলে সন্তানকে অনাথ আশ্রমে দেওয়া যেতে পারে। কিন্তু সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, অনিচ্ছার এই গর্ভধারণ তরুণীর জন্য মানসিক যন্ত্রণার কারণ। যদি আদালত আইনি পথে এর সমাধান না দেয়, তবে মানুষ অনিরাপদ ও বেআইনি গর্ভপাত কেন্দ্রের দ্বারস্থ হতে পারে, যা আরও বিপজ্জনক।