ভোটের আগেই মালদায় ‘বিদ্রোহ’! নিজের দলের বিধায়ককে চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন বহিষ্কৃত বিজেপি নেতার

নির্বাচন কমিশন এখনও দিনক্ষণ ঘোষণা করেনি, কিন্তু তার আগেই পুরাতন মালদায় শুরু হয়ে গেল দেওয়াল লিখন। তবে কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়, নির্দল প্রার্থী হিসেবে নিজের প্রচার শুরু করে দিলেন বহিষ্কৃত বিজেপি নেতা নিতাই মণ্ডল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই মালদা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ ওলটপালট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নিতাই মণ্ডলের বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনের সময় বর্তমান বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। সেই সময় টিকিট না পেয়ে ক্ষোভ থেকে তিনি বিধায়ককে গুলি করানোর ষড়যন্ত্র করেছিলেন বলে পুলিশি তদন্তে উঠে আসে। এরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। এবার সেই গোপাল সাহাকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিতাইয়ের দাবি, “আমি মনে-প্রাণে আরএসএস ও বিজেপির আদর্শে বিশ্বাসী। কিন্তু বর্তমান বিধায়কের মতো কিছু ‘ধান্দাবাজ’ নেতা দলকে আগাছায় ভরিয়ে দিয়েছে। তাদের সরাতেই আমার এই লড়াই।”

পাল্টা আক্রমণ শানিয়েছেন বিধায়ক গোপালচন্দ্র সাহাও। তাঁর দাবি, “কাউকে গুলি মেরে বিজেপির প্রার্থী হওয়া যায় না। নিতাই মণ্ডল আসলে শাসকদলের হয়ে তলে তলে কাজ করছেন।” এদিকে বিজেপির এই গৃহযুদ্ধ দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের মতে, এই গোষ্ঠীদ্বন্দ্বই প্রমাণ করে দিচ্ছে যে বর্তমান বিধায়ক খুব দ্রুত ‘প্রাক্তন’ হতে চলেছেন।