বহরমপুরে ফিল্মি কায়দায় পুলিশের হাত ফসকাল বাংলাদেশি বন্দি! হাসপাতাল চত্বরে হুলুস্থুল

পুলিশের কড়া পাহারাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রিজন ভ্যান থেকে চম্পট দিল এক বাংলাদেশি বন্দি। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। পলাতক বন্দির নাম সামিউল ইসলাম, যার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। এই ঘটনায় জেল পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশের দায়ে ছ’মাস আগে রানিনগর থানার পুলিশ সামিউলকে গ্রেফতার করেছিল। এদিন তাকে আদালতে পেশ করার পর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা পিছু ধাওয়া করলেও ভিড়ের সুযোগ নিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে যায় সামিউল।

এই পলায়নের নেপথ্যে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রিজন ভ্যানে থাকা অন্য এক বন্দির দাবি, সামিউল-সহ অনেকেরই সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতায় তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছিল না। সেই মানসিক অবসাদ ও অনিশ্চয়তা থেকেই এই পলায়ন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, সমস্ত থানায় সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং পলাতক সামিউলকে ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।