মুম্বইয়ে মহাধামাকা! নোরা ফাতেহির শরীরী হিল্লোল আর বাদশার র‍্যাপে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বের সবথেকে ছোট ফরম্যাটের মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের মাটিতে আয়োজিত হতে চলেছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মেগা ওপেনিং সেরিমনি। বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগেই গ্ল্যামার আর সুরের মূর্ছনায় কাঁপতে চলেছে বাণিজ্যনগরী। আইসিসি-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের ডান্স কুইন নোরা ফাতেহি এবং জনপ্রিয় র‍্যাপার বাদশা।

বাদশা এবং নোরার পাশাপাশি মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন শাস্ত্রীয় সঙ্গীতের আধুনিক কারিগর ঋষভ রিখিরাম শর্মা এবং বিশ্বখ্যাত পারকাশনিস্ট শিবমণি। এই সাংস্কৃতিক মেলবন্ধন ক্রিকেট জ্বরে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। বাদশা এক প্রেস বিবৃতিতে জানান, “খেলাধুলা এবং বিনোদনের এই বিশ্বমঞ্চে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। সঙ্গীত এবং ক্রিকেট দুইই মানুষকে একসূত্রে বাঁধে।” অন্যদিকে সিতার বাদক ঋষভ জানান, ৬০ হাজার দর্শকের সামনে শিবমণির মতো কিংবদন্তির সঙ্গে পারফর্ম করা তাঁর কাছে স্বপ্নের মতো।

উদ্বোধনী অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গী পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং আমেরিকা। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে আমেরিকার বিরুদ্ধেই প্রথম লড়াইয়ে নামছে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ভারতের সামনে এবার ইতিহাস গড়ার সুযোগ। যদি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল এবার ট্রফি ধরে রাখতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বে তারা। সেই সঙ্গে এটি হবে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং।