রেশন থেকে সার, সব ভর্তুকিতেই কোপ! অর্থ কমিশনের রিপোর্টে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত

রান্নার গ্যাস, সার কিংবা রেশনের চাল-গম—সরকারি ভর্তুকি কি এবার ইতিহাসের পাতায় চলে যেতে চলেছে? ষোড়শ অর্থ কমিশনের সাম্প্রতিক রিপোর্ট সেই জল্পনাই উসকে দিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কাছে জমা দেওয়া রিপোর্টে কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও ভর্তুকিই অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারকেই ভর্তুকির বোঝা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, সরকার একধাক্কায় সব সুবিধা বন্ধ না করলেও ‘ধীরে চলো’ নীতিতে এগোবে। পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের বাজেটে ইতিমধ্যেই খাদ্য ও সার ভর্তুকির বরাদ্দ গত বছরের তুলনায় কমানো হয়েছে। খাদ্য ভর্তুকি ২ লক্ষ ২৮ হাজার কোটি থেকে কমিয়ে ২ লক্ষ ২৭ হাজার কোটি এবং সার ভর্তুকি ১ লক্ষ ৮৬ হাজার কোটি থেকে ১ লক্ষ ৭০ হাজার কোটিতে নামিয়ে আনা হয়েছে।
ভর্তুকির বিকল্প পথ খুঁজতে এবং প্রকৃত প্রাপকদের চিহ্নিত করতে সরকার এখন প্রযুক্তি ও ডেটা ম্যাপিং-এর ওপর জোর দিচ্ছে। একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যারা খতিয়ে দেখবে কীভাবে সাধারণ মানুষকে বড় বিপর্যয়ের মুখে না ফেলে ধাপে ধাপে ভর্তুকি কমানো যায়। জ্বালানি বা রান্নার গ্যাসের ক্ষেত্রেও আগামী দিনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।