ভোটের মুখে ইডির বড় ধামাকা! আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম চার্জশিট

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বড়সড় মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আজ কলকাতা নগর দায়রা আদালতে এই মামলার প্রথম চার্জশিট পেশ করল। ইডির জমা দেওয়া এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে হাসপাতালের প্রাক্তন বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এছাড়াও তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সরঞ্জাম সরবরাহকারী দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং সুমন হাজরার নামও উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, সুমন হাজরার মালিকানাধীন ‘হাজরা মেডিক্যাল’ সংস্থাটির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের নয়ছয় করা হয়েছে। ইডির তদন্তে উঠে এসেছে যে, সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন হাসপাতালের বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এই ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হতো। ৯ অগস্টের নারকীয় ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক স্তরে যে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল, ইডির এই চার্জশিট তাকেই মান্যতা দিল।

উল্লেখ্য, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে মেডিক্যাল বর্জ্যের কালোবাজারি ও আর্থিক তছরুপের অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে এবং সমান্তরালভাবে ইডি অর্থপাচারের দিকটি খতিয়ে দেখতে মাঠে নামে। ইডি আধিকারিকদের দাবি, এই চার্জশিট কেবল হিমশৈলের চূড়ামাত্র; তদন্ত এগোলে আরও প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসতে পারে। বর্তমানে সন্দীপ ঘোষ ও তাঁর সহযোগীরা জেল হেফাজতে রয়েছেন।