ইতিহাসের পাতলা থেকে নীল জলরাশি! দেড় হাজার বছরের পুরনো প্রযুক্তিতে ওমান জয় করল INSV কৌণ্ডিন্য

ভারতের প্রাচীন সমুদ্রযাত্রার গৌরবময় ঐতিহ্য ফের জীবন্ত হয়ে উঠল আরব সাগরের বুকে। কোনো আধুনিক ইঞ্জিন বা লোহার পেরেক ছাড়াই, সম্পূর্ণ প্রাচীন ‘সেলাই করা’ (Stitched Ship) পদ্ধতিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর জাহাজ INSV কৌণ্ডিন্য সফলভাবে ওমানের মাস্কট বন্দরে পৌঁছে ইতিহাস গড়ল। গুজরাটের পোরবন্দর থেকে শুরু হওয়া ১৮ দিনের এই রোমাঞ্চকর অভিযান প্রমাণ করে দিল যে, আজ থেকে হাজার বছর আগেও ভারত নৌ-প্রযুক্তিতে কতটা উন্নত ছিল।
অজন্তা গুহার পঞ্চম শতকের একটি চিত্রকর্মে আঁকা জাহাজের আদলেই তৈরি হয়েছে এই বিশেষ জাহাজ। ২১ মিটার লম্বা ও ৫০ টন ওজনের এই জাহাজে আধুনিক যন্ত্রাংশের বদলে ব্যবহৃত হয়েছে নারকেলের ছোবড়ার দড়ি এবং তক্তা জোড়া দেওয়ার প্রাচীন ‘টাংকাই মেথড’। সংস্কৃতি মন্ত্রক ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে কেরলের কারিগরদের নিপুণ হাতে তৈরি এই জাহাজে ছিল না কোনো ইঞ্জিন; এটি চলেছে সম্পূর্ণ পালের সাহায্যে। আইআইটি মাদ্রাজে বৈজ্ঞানিক পরীক্ষার পর এই নৌ-যানটিকে কারওয়ারে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
প্রথম শতকের কিংবদন্তি নাবিক ‘কৌণ্ডিন্য’-এর নামে নামাঙ্কিত এই জাহাজে রয়েছে হরপ্পা যুগের পাথরের নোঙর এবং কদম্ব রাজবংশের প্রতীক। অভিযানের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল একে তাঁর পাঁচ বছরের ‘স্বপ্নপূরণ’ বলে অভিহিত করেছেন। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্র পেরিয়ে মাস্কটে পৌঁছানো এই অভিযান বিশ্বকে বার্তা দিল যে, ভারতের প্রাচীন সমুদ্র বিজ্ঞান আজও সমানভাবে কার্যকর ও প্রাসঙ্গিক।