সিধু-ঘরণীকে ঝাড়ল কংগ্রেস! বহিষ্কৃত হতেই রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে তোপ নভজ্যোৎ কৌরের

পাঞ্জাব রাজনীতিতে বড়সড় রদবদল। প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর সিধুকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। পাঁচ দিন আগেই তিনি নিজে ইস্তফা দিলেও, শুক্রবার কংগ্রেসের পাঞ্জাব ইনচার্জ ভূপেশ বাঘেল আনুষ্ঠানিকভাবে তাঁর বহিষ্কারের কথা ঘোষণা করেন। আর দল থেকে বাদ পড়তেই খোলস ছেড়ে বেরোলেন নভজ্যোৎ কৌর। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে সরাসরি ‘পাপ্পু’ বলে আক্রমণ করে তীব্র বিতর্ক উসকে দিয়েছেন তিনি।
বহিষ্কারের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) নভজ্যোৎ কৌর লিখেছেন, “পাপ্পু অবশেষে নিজের নামের ওপর সিলমোহর দিলেন। এমন একজন নেতা যিনি নিজেকেই একমাত্র সৎ এবং জ্ঞানী মনে করেন, তিনি বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।” তাঁর অভিযোগ, কংগ্রেস নেতৃত্বের চারপাশে থাকা একটি নির্দিষ্ট চক্র টিকিট বিক্রি করে বিলাসিতা উপভোগ করছে, আর নেতৃত্বকে সত্য থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি রাহুল গান্ধীর নাম না করে তিনি জানান, জরুরি বার্তায় সাড়া দিতে ওই নেতার ছ’মাসের বেশি সময় লাগে।
দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল গত বছর। নভজ্যোৎ কৌর দাবি করেছিলেন, “যিনি ৫০০ কোটি টাকার সুটকেস দেন, তিনিই মুখ্যমন্ত্রী হন। আমাদের কাছে মুখ্যমন্ত্রীর চেয়ার কেনার মতো ৫০০ কোটি টাকা নেই।” এই মন্তব্যের পরই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৭ সালে বিজেপি ছেড়ে স্বামী সিধুর সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করায় জল্পনা ছড়িয়েছে যে, নভজ্যোৎ কৌর সিধু ফের পুরনো দল বিজেপিতেই ফিরতে চলেছেন।