জীবন মানেই শুধু পরীক্ষা নয়’, পড়ুয়াদের মাস্টারমশাই হয়ে পড়াশোনার সিক্রেট ফাঁস করলেন মোদী!

বইয়ের পাতার পড়াশোনা যেমন দরকার, তেমনই জীবনের পাঠ নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা’র (Pariksha Pe Charcha) নবম সংস্করণে পড়ুয়াদের কাছে দেশের প্রধানমন্ত্রী নয়, বরং একজন অভিজ্ঞ অভিভাবক ও ‘মাস্টারমশাই’ হিসেবে ধরা দিলেন নরেন্দ্র মোদী। ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় সাড়ে চার কোটি নাম নথিভুক্ত হওয়া পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে একগুচ্ছ মূল্যবান টিপস দেন তিনি। মোদীর স্পষ্ট বার্তা— “পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, একে উৎসবের মতো উদযাপন করো।”
অনুষ্ঠানে গুজরাটের এক পড়ুয়া প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানায় যে, মা-বাবা এবং শিক্ষকরা আলাদা আলাদা প্যাটার্নে পড়তে বলেন, যা তাদের বিভ্রান্ত করে। উত্তরে মোদী বলেন, “প্রত্যেক পড়ুয়ার নিজস্ব এক ছন্দ (Rhythm) থাকে। কেউ ভোরে উঠে ভালো পড়তে পারে, কেউ আবার রাত জাগলে বেশি মনে রাখতে পারে। অন্যের প্যাটার্ন নকল না করে নিজের ছন্দের ওপর বিশ্বাস রাখো।” পাশাপাশি শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, পড়াশোনাকে সহজ করতে সবসময় সিলেবাসের এক ধাপ এগিয়ে পরিকল্পনা করা উচিত।
নম্বর বনাম দক্ষতা (Skill)—এই চিরন্তন বিতর্কেও জল ঢেলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শুধু পুঁথিগত বিদ্যা নয়, মা-বাবার অনুপস্থিতিতে রান্না করা বা ট্রেনের টিকিট কাটার মতো জীবনশৈলীও অত্যন্ত প্রয়োজনীয়। সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমিং নিয়ে পড়ুয়াদের সতর্ক করে তিনি বলেন, “ইন্টারনেট সস্তা বলে সময় নষ্ট করো না। প্রযুক্তির সুবিধা নাও নিজের উন্নতির জন্য, নেশার জন্য নয়।” মোদীর কথায়, পরীক্ষার প্যাটার্ন বদলালেও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে পড়াশোনাকে বোঝা নয়, বরং একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার আহ্বান জানান তিনি।