ইউটিউবার শমীকের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা! ‘ননসেন’ কাণ্ডে নয়া মোড়, বাড়ছে বিপদ

সোশ্যাল মিডিয়ায় ‘ননসেন’ কন্টেন্ট দিয়ে পরিচিতি পেলেও বাস্তব জীবনে গুরুতর অপরাধের জালে জড়িয়ে পড়লেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী। প্রেমিকার করা শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে যুক্ত হলো ধর্ষণের মামলা (ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারা)। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরও কঠোর করল বেহালা থানার পুলিশ।
নির্যাতিতা তরুণীর বয়ান অনুযায়ী, গত সোমবার বিকেলে শমীকের ফ্ল্যাটে গেলে সেখানে তাঁকে বন্দি করে রাখা হয়। অন্য কারও সঙ্গে কথা বলার সন্দেহে তাঁর মোবাইল কেড়ে নিয়ে শুরু হয় অমানুষিক মারধর। অভিযোগ, তরুণীকে সারারাত একটি ঘরে আটকে রেখে পাশবিক অত্যাচার চালানো হয়। নির্যাতিতার দাবি, এই ঘটনার সময় শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে উপস্থিত থাকলেও তাঁরা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বরং বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, শমীকের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২)-সহ একাধিক ধারায় মামলা ছিল। এবার ধর্ষণের ধারা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল তাঁর জন্য। পুলিশ ইতিমধ্যেই শমীক ও নির্যাতিতা তরুণীর মেডিকো-লিগ্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের এমন কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এর পেছনে অন্য কোনও ব্যক্তিগত আক্রোশ নাকি দীর্ঘদিনের কোনও অপরাধমূলক প্রবণতা কাজ করছিল।